কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের মোবাইল ফোন টাওয়ারের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী পার্শ¦বর্তী কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদী আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী জোহরা খাতুনের বোন সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ওই ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের মা মনোয়ারা বেগম বলেন, আমার ছেলে বৃহষ্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল। রাতে বাড়ি ফিরে আসেনি। আমরা ভাবছিলাম হয়তো পার্শ্ববর্তী আলাইপুর গ্রামে তার শ^শুর বাড়ি রয়েছে। সকালে কিছু লোক এসে খবর দেয়, কে বা কারা আমার ছেলেকে জালালাবাদে মেরে ফেলে রেখে গেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখেছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এদিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিডিএস/এমএইউ









































