মদনে বজ্রপাতে তরুণের মর্মান্তিক মৃত্যু, অনিশ্চয়তায় ৮ সদস্যের পরিবার

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রাজিব বাড়ির নিকটবর্তী গণেশ হাওরে বাইর/দোয়ারি থেকে মাছ তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাজিবের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আট সদস্যের মধ্যে রাজিবই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও মানবিক সংকটের মুখে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, বজ্রপাতে রাজিব নামের এক যুবকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা প্রদান করা হবে।
পিডিএস/এমএইউ









































