সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে নজর কেড়েছে সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ পতাকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাঁকুরজিপাড়া গ্রামে প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে নজর কেড়েছেন সমর্থকরা। বৃহস্পতিবার (১৮ জুন) গ্রামে প্রবেশ করলেই সড়কের পাশে চোখে পড়ে দীর্ঘ এ পতাকা।
আর্জেন্টিনা সমর্থকদের দাবি, গ্রামের সড়কজুড়ে টাঙানো পতাকার দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার ফুট। তাদের ভাষ্য, প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এ আয়োজন। সমর্থকরা জানান, আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে গ্রামবাসীদের গণভোজের আয়োজন করার কথা জানান, গ্রামের আর্জেন্টিনা সমর্থক রিফাত, হানিফ ও মন্জুর। তারা আরো বলেন, আমাদের বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
গ্রামের অপর সমর্থক নয়ন আলী বলেন, আর্জেন্টিনা আমাদের আবেগ, ভালো লাগা ও ভালোবাসার নাম।এই গ্রামের বাসিন্দা বিদেশে অবস্থানরত ভাইদের সহযোগিতায় এবার সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ পতাকা টাঙানো হয়েছে। আগামী বিশ্বকাপে এর দৈর্ঘ্য হবে দ্বিগুণ ।
তিনি আরও জানান, আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে তাদের বাজেট ছিল ২০ হাজার টাকা, যা পরে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। এই অর্থ দিয়ে রাতে গ্রামবাসী ও আর্জেন্টিনা সমর্থকদের জন্য খাবারের আয়োজন করা হবে। পাশাপাশি দলটি ফাইনালে উঠলে মহিষ জবাই করে গ্রামের সবাইকে খাওয়ানোর পরিকল্পনাও রয়েছে।
পিডিএস/এমএইউ









































