সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৮ জুন, ২০২৬

র‌্যাবের যৌথ অভিযানে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

র‌্যাব-১২, র‌্যাব-৪, সিপিসি র‌্যাব-২ ও সিপিসি-৩ যৌথভাবে পৃথক দুটি অভিযান চালিয়ে সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার ২ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

বুধবার বিকেলে র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গত বুধবার (১৭ জুন) দুপুরে সোয়া ১টার দিকে ঢাকা মহানগরের শেরেবাংলানগর থানার তালতলা এলাকা থেকে দুর্জয় সরকার (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে ‘ঢাকা জেলার সাভার থানার ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকা থেকে রাসূল (২০) নামে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাসূল সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত বুদ্দু সরকারের ছেলে ও দুর্জয় সরকার একই গ্রামের মৃত হামেদ সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ২৬ বছর বয়সী ভুক্তভোগী তরুণী গত ৬ জুন চাকরির জন্য ঢাকার উদ্দেশ্যে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে রওয়ানা হন। কিন্তু ট্রেনের টিকিট না থাকায় টিটিই সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় রেলওয়ে স্টেশন তাকে নামিয়ে দেন টিটিই। এরপর তিনি কড্ডা থেকে পায়ে হেঁটে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দিকে যান। রাত ৮টার দিকে পূণরায় কড্ডার মোড় স্টেশনে যাওয়ার জন্য সয়দাবাদ স্টেশন থেকে অটোভ্যান ভাড়া করেন তিনি। কিছুক্ষণ পরে ওই অটোভ্যানে আরও তিন যাত্রী উঠে তরুণীর সঙ্গে গল্প শুরু করেন। গল্পের ফাঁকে কৌশলে মহাসড়কের ডানপাশে ইকোনোমিক জোনের গেট থেকে ভেতর দিয়ে বয়রার চরের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে ভ্যানচালক ও যাত্রীসহ চারজন জোরপূর্বক তার মুখ চেপে ধরে এবং রাস্তার পূর্ব পাশে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। এক পর্যায়ে পরস্পরের সহায়তায় জোরপূর্বক পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর তাকে অন্য একটি ভ্যানগাড়ীতে তুলে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মমিনুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়