রাহাত হোসেন, হাবিপ্রবি

  ০২ এপ্রিল, ২০২৬

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হাবিপ্রবি

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য ভর্তি হওয়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে স্ব স্ব বিভাগে ছিলো নানা আয়োজন।

বুধবার (১ এপ্রিল ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৩ টি অনুষদ এবং ২০ টি বিভাগে আয়োজিত হয় এই নবীনবরণ ।

বিভাগগুলোতে নবীন শিক্ষার্থীদের বরণ করতে ফুল, কলম, ক্যালেন্ডার উপহার দেয় বিভাগগুলো। নবীনদের উষ্ণ অভ্যর্থনায় প্রাণবন্ত দিন শুরু হয়েছে । তারা পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় পেয়ে আনন্দিত। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসের সৌন্দর্যে শিক্ষার্থীরা বিমোহিত ।

সিয়াম নামের এক নবীন শিক্ষার্থী বলেন, উত্তরবঙ্গের সেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। প্রত্যাশা করছি এখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজের জীবনকে আলোকিত করতে পারবো।

কৃষি অনুষদের নবাগত শিক্ষার্থী জিহাদ বলেন, "শুরুতেই একটু ভয় থাকলেও প্রথম দিন ক্লাস করে অনেক ভালো লাগছে । এটা দেখে বেশি ভালো লাগছে যে কোনো প্রকার র‌্যাগিং নেই। আশা করছি ভালো কিছু হবে।"

র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে তৎপর হাবিপ্রবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বলেন, র‌্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা র‌্যাগিং এর বিষয়ে তৎপর আছি।

তিনি বলেন, নতুনদের আগমনকে ঘিরে ক্যাম্পাসে র‌্যাগিং এর ঘটনা ঘটে। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসঙ্গে, নবীনদের যে কোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা অফিসে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়