রাহাত হোসেন, হাবিপ্রবি
হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা কাল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে লেভেল-১, সেমিস্টার-১ এ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার শুরু হবে।
‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের । ২৬, ২৭, ২৮ জানুয়ারি এই তিন দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, কাল সকাল ৯টা ৩০ মিনিট থেকে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে হাবিপ্রবির এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। ওইদিন বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ জানুয়ারি ৩ শিফটে ‘বি’ ইউনিট ও ১ শিফটে আৰ্কিটেকচার ড্রয়িং; ২৮ জানুয়ারি প্রথম শিফটে ‘সি’ ইউনিট ও পরবর্তী তিন শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চার ইউনিটে মোট আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার, যেখানে আসন সংখ্যা মাত্র ১ হাজার ৭৯৫টি। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫২ জন ভর্তিচ্ছু। এ' ইউনিটে মোট আবেদনকারী সংখ্যা ৩০ হাজার ২৭৫ জন। আসন সংখ্যা কৃষি অনার্সে ৩৭৫, মৎস্যবিজ্ঞান অনার্সে ৮০ এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান (ডিভিএম) এ ৮০।
‘বি’ ইউনিটে আবেদনকারী সংখ্যা ২৬ হাজার ৫৬২ জন। আসন সংখ্যা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, খাদ্য ও প্রক্রিয়াজাত প্রকৌশল ও কৃষি প্রকৌশলে প্রত্যেকটিতে ৬০টি করে। সিভিল ও যান্ত্রিক প্রকৌশলে ৫০টি করে, স্থাপত্যে ৩০টি এবং বিজ্ঞান অনুষদের রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যানে যথাক্রমে ৭৫, ৭৫, ৮০ ও ৮০টি আসন রয়েছে।
‘সি’ ইউনিটে আবেদনকারী সংখ্যা ব্যবসায় শিক্ষা গ্রুপে ৩ হাজার ১১৬ জন এবং বিজ্ঞান ও মানবিক গ্রুপে ১৭ হাজার ৫৩৩ জন। আসন সংখ্যা হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি ও অর্থনীতিতে প্রত্যেকটিতে ৭০টি করে। সমাজবিজ্ঞানে ৬০ এবং উন্নয়ন অধ্যয়নে ৪০টি আসন রয়েছে। ‘ডি’ ইউনিটে আবেদনকারী সংখ্যা ২৬ হাজার ৯৭ জন।
সব মিলিয়ে এবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় স্থাপত্য বাদে মোট আবেদন পড়েছে ৯৩ হাজার ১২৫টি। স্থাপত্যসহ মোট আবেদন সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৭৫টি।
এদিকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা।
সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘ভর্তি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার জায়গা থেকে আমরা চাচ্ছি যাতে স্টুডেন্টরা নির্বিঘ্নে আসতে পারে, পরিক্ষা দিতে পারে। এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবার সাথে কথা বলেছি। এছাড়া মেস মালিকদের থেকে শুরু করে পরিবহন মালিক সবার সাথেই আলোচনা করেছি। রাস্তায় যাতে যানজট না হয় সেজন্য বিভিন্ন জায়গা থেকে আসা গাড়িগুলো বিশ্বিবদ্যালয়ের পাশে আমবাগানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আশা করবো দুর দুরান্ত থেকে পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যাতে কোনোভাবে হয়রানি শিকার না হয়। যারা আসবে তারা আমাদের অতিথি তাদের কোনোভাবে ডিস্টার্ব না হয় সেদিকে খেয়াল রাখা হবে । সকলের সহযোগিতায় একটি সুন্দর পরিক্ষা উপহার দিতো পারব বলে আমি আশাবাদী।’









































