হাবিপ্রবি প্রতিনিধি
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো হাবিপ্রবি মজার স্কুল

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে হাবিপ্রবি মজার স্কুল। সোমবার (১০ মার্চ) দুপুর তিনটায় সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশুর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হাবিপ্রবি মজার স্কুল যে আয়োজন করেছে তা অবশ্যই একটি মহৎ উদ্যেগ। এমন আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মানে যে সবাই মিলে আনন্দ করা এমন আয়োজনের মাধ্যমেই তা পূর্ণতা পাবে।
এ আয়োজনের বিষয়ে মজার স্কুলের সভাপতি শুভ কুমার ঘোষ বলেন, হাবিপ্রবি মজার স্কুল প্রতিবছরই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে। এ বছরও আমরা এ আয়োজন করেছি। এবার ঈদ উপহারের পাশাপাশি একদিনের ইফতার সামগ্রিও তাদের মাঝে বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ যেনো এসব শিশুদের মাঝেও পৌছায় তার জন্যই আমাদের এই আয়োজন। এমন একটি আয়োজনে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, হাবিপ্রবি মজার স্কুল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনামূল্যে পাঠদান করে আসছে এ সংগঠনের সদস্যবৃন্দ।
পিডিএস/এমএইউ









































