ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পদ্মায় ধরা পড়ছে প্রচুর ইলিশ-পাঙাশ

ফরিদপুরে পদ্মা নদীতে ধরা পড়ছে প্রচুর ইলিশ মাছ। সঙ্গে ধরা পড়ছে পরিমাণে বড় বড় পাঙাশ মাছ। চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জের বিভিন্ন বাজারে ইলিশ মাছের পাশাপাশি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পাঙাশ মাছ। বাজারে জেলেদের ডালায় ডালায় সাজিয়ে রাখা হয়েছে ইলিশ আর পাঙাশ। বিক্রিও হচ্ছে বেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২ দিন নিষেধাজ্ঞার পর ফরিদপুরে পদ্মা নদী বেষ্টিত চরভদ্রাসনের চরহাজিগঞ্জ বাজারে ধুম পড়েছে ইলিশ ও পাঙ্গাশ মাছ কেনা-বেচার। মঙ্গলবার (১ নভেম্বর) বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়। এক কেজির ছোট ও নানা আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকায়। জেলেদের ভাষ্য, ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ইলিশের পাশাপাশি বিভিন্ন সাইজের পাঙ্গাস মাছ ধরা পড়ছে।
উপজেলার চর হাজীগঞ্জ হাট-বাজারের ইজারাদার মো. আলী জানান, ২২ দিন নিষেধাজ্ঞা থাকার পর মাছ বাজারে যেন প্রাণ ফিরে এসেছে। প্রতিদিন জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়ছে। তাই হাট-বাজারে ইলিশ মাছের আমদানি বেশি হওয়ায় স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ক্রেতা ও ব্যাবসায়ীরা হাটে আসছেন মাছ কিনতে। বাজারে ইলিশের ছড়াছড়ি ও আমদানি থাকায় অন্যসব মাছের দামও তুলনামূলক বেশ কম। এ ছাড়াও ইলিশের পাশাপাশি বেশ সাইজের পাঙাশ মাছের আমদানি থাকায় মৎস্যজীবীদের ব্যবসা-বাণিজ্য বেশ ভালো হচ্ছে।
মৎস্যজীবি ফরমান মোল্লা, আলি শেখ, রুস্তম মোল্লা বলেন, যদিও কয়েকদিন মাছ শিকার বন্ধ থাকায় আমাদের সাময়িক কষ্ট হয়েছে। তবে এখন প্রচুর পরিমাণে মাছ ধরায় আমাদের কষ্ট দূর হয়েছে। প্রচুর মাছ ধরা পড়ার পাশাপাশি বেচা-কেনাও বেশ ভালো হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলা থেকে মাছ কিনতে আসা সঞ্জীব দাস বলেন, নিষেধাজ্ঞার পর নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে শুনে চরহাজীগঞ্জে এসেছি মাছ কিনতে। বাজারে প্রচুর আমদানি রয়েছে মাছের। তবে ইলিশ আর পাঙাশ মাছের আমদানি বেশি। তুলনামূলকভাবে দামও কম। তাই বেশি করে ইলিশ ও সঙ্গে কয়েকটি পাঙাশ মাছ কিনেছি।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞা ও ধরার সময় নির্ধারণ করে ইলিশ গবেষণা সেল। বর্তমানে বাজারে যেসব ইলিশ পাওয়া যাচ্ছে তার মধ্যে অনেক ইলিশের পেটে ডিম দেখা যাচ্ছে। এখন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় কিছু ইলিশের পেটে ডিম থাকতে পারে। পানি ও ভৌগোলিক পরিবেশ পরিবর্তন হচ্ছে। তবে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় নদীতে ইলিশের সঙ্গে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে।









































