শেরপুর প্রতিনিধি
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ভয়েস অফ ঝিনাইগাতী’

শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘ভয়েস অফ ঝিনাইগাতী’। বুধবার বেলা ১১ টার দিকে থানা রোড এলাকায় ৭০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠতা মো. জাহিদুল হক মনির। এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুস সামাদ, বণিক সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, ঝিনাইগাতী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, সমাজসেবক মো. ছফর উদ্দিন, মিন্টু মিয়া, সমাজকর্মী সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠতা মো. জাহিদুল হক মনির বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
পিডিএসও/এসএম শামীম









































