তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে পুড়ল দুই বসতবাড়িসহ ৭ অফিস

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে দুটি বসতবাড়িসহ ৭ অফিস পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাড়াশ পৌর সদরে সুজন মালের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাড়াশ পৌর সদরে সুজন মালের বাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে দুটি বসতবাড়িসহ ৭টি অফিসের প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত স্কুলশিক্ষক সুজন মাল বলেন, তার ঘরসহ ভাড়া ৭টি অফিস ও একটি বসতঘরের মালামাল পুড়ে গেছে। তার ঘরে থাকা স্বর্ণ-অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেকটি ঘরের ভাড়াটিয়া সোহাগ হোসেন জানান, স্বর্ণ-অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়াও আরএফএল কোম্পানির ডিলার রফিকুল ইসলাম বলেন, গোডাউন ঘরে মজুদকৃত মালামাল পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা।
পাঞ্জেরী প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মাহবুব ইসলাম বলেন, ঘরে থাকা আসবাবপত্রসহ বই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ
টাকা।
অপর দিকে দৈনিক সমকাল তাড়াশ প্রতিনিধির ব্যক্তিগত অফিসের প্রায় ২ লাখ টাকার মূল্যবান বই, একটি কম্পিউটার, একটি এলইডি টিভি, ফাইল কেবিনেট, বুকসেলফ, আসবাবপত্র ও একই অফিসে থাকা আরটিভির প্রতিনিধি হাদিউল হৃদয়ের কেনন ৭০০ডি ডিএসলার একটি ক্যামেরা পুড়ে ছাই হয়ে গেছে।
"






































