ক্রীড়া ডেস্ক
ক্রোয়েশিয়ার কাছে হেরে পানামার বিদায়

ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা। অন্যদিকে কষ্টার্জিত এই জয়ে শেষ ৩২-এর আশা টিকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের শেষ চারে খেলা ক্রোয়েশিয়া গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। যে কারণে বিশ্বকাপে টিকে থাকতে তাদের সামনে জয় ভিন্ন বিকল্প কোনো পথ খোলা ছিল না। ম্যাচের ৫৪ মিনিট আন্তে বুদিমিরের গোলে ক্রোয়েটদের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন বলেছেন, ‘গোল করতে না পারলে সেই ম্যাচে জেতা সম্ভব নয়।’
যদিও র্যাংকিংয়ের অনেক ওপরে থাকা ক্রোয়েশিয়ার সঙ্গে লড়াকু পারফরম্যান্সে তিনি দলের খেলোয়াড়দের নিয়ে গর্বিত বলে জানিয়েছেন। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ক্রিস্টিয়ানসেন জানিয়েছেন তিনি ভবিষ্যতে এই দলের কাছ থেকেই ভালো কিছু আশা করছেন। তার মতে এই দুই ম্যাচের পর এখানকার খেলোয়াড়রা আজকের মতো থাকবে না, তারা অবশ্যই সামনে এগিয়ে যাবে।
ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা লুকা মডরিচ ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। শুরুতেই তার একটি হেড বারের ওপর দিয়ে অল্পের জন্য বাইরে চলে যায়। ক্রিস্টিয়ানসেনের অধীনে পানামার কঠিন রক্ষনভাগ এবার অনেক দলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই রক্ষনভাগের কারণেই বাছাইপর্ব পার করে দ্বিতীয়বারের মতো পানামা বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে।
২৩ মিনিটে হোসে লুইস রড্রিগয়েজের হেড কোনোমতে রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের স্পষ্ট নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্রোয়েশিয়া। তারই ধারাবাহিকতায় জোসিপ স্টানিসিচের ক্রস থেকে বুদিমিরের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। মডরিচের পাস থেকে মার্কো পাসালিসের শট রুখে দেন গোলরক্ষক ওরলান্ডো মসকুয়েরা। ফিরতি বলে তার শট বারের ওপর দিয়ে চলে যায়।
ম্যাচে ফিরে আসার জন্য পানামা চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা গোলের দেখা পায়নি।
আগামীকাল শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে পানামা চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া লড়বে দ্বিতীয় স্থানে থাকা ঘানার বিপক্ষে।
"









































