বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
‘মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাগ্রহণকে অবৈতনিক করা হয়েছে। সবার সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে হবে।
পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতি চর্চায় নিয়োজিত করতে হবে। মাদক এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যধির হাত থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
ফারজানা শারমীন বলেন, এ দেশে কোনো শ্রেণিপেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকার নতুন বাজেট দিয়েছে। জনবান্ধব এই বাজেট জনআকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত বিভিন্ন ভাতার পরিধি বাড়বে, দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখে উন্নীত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। গ্রামীণ জনপদে দ্রুততম সময়ে যেকোনো বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালত কাজ করছে।
জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে একজন সহকারী জজের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলাও বিনামূল্যে পরিচালনা করে দেওয়া হচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না।
উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগাতিপাড়া থানার ওসি আবদুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন। প্রতিমন্ত্রী এর আগে উপজেলা খাদ্যগুদামে চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামও উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।
"







































