reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০২২

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দীর্ঘমেয়াদি আইসিটি কোর্স

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগ করে দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া সম্ভব। আইসিটি অবকাঠামো ও কানেক্টিভিটি প্রতিষ্ঠা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ই-গভর্নেন্স প্রতিষ্ঠা এবং আইসিটি শিল্পের বিকাশ সাধনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অন্যতম কার্যক্রম হলো আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি ক্ষেত্রে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা।

সেই লক্ষ্যে রবিবার (২০ মার্চ) বিসিসির সভাকক্ষে এক বছর মেয়াদি দুটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি এবং একটি ডিপ্লোমা ইন আইসিটিবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে যে প্রশিক্ষণ কোর্সগুলো করানো হয়, সেগুলো অত্যাধিক গুণগত মানসম্পন্ন এবং ব্যবহারিক দিক থেকে বাস্তব সম্মত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান।

সভাপতি কোর্সগুলোর গুরুত্ব উল্লেখ করে বলেন, ভবিষ্যতে বিভিন্ন উচ্চতর প্রফেশনাল তথ্য ও প্রযুক্তিবিষয়ক ডিগ্রি প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এর কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. অশোক কুমার রায় (পরিচালক, বিকেআইআইসিটি)। তিনি জানান, দীর্ঘমেয়াদী তিনটি ডিপ্লোমা কোর্স বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি) ল্যাবে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ৫৭ জন প্রশিক্ষণার্থীসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিসিসি,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,প্রযুক্তি,আইসিটি কোর্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়