সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া

  ২৪ নভেম্বর, ২০১৯

সংস্কারের অভাব

সুকান্তের ম্যুরাল ব্যথিত করে

‘চলে যাব—তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।’ যে কবি এই পৃথিবী থেকে জঞ্জাল সরাতে চেয়েছিলেন, সেই কবির ম্যুরাল আজ জঞ্জালে ভরা। নির্মাণের পর থেকে অযত্নে পড়ে আছে। ধুলোর স্তুপ পড়ে আছে ম্যুরালে।

নির্মাণের কিছুদিন পর এসএস পাইপের প্রাটেকশন ভেঙে যাওয়ায় ম্যুরালের মঞ্চে গরু ছাগল উঠে প্রতিনিয়ত নোংড়া করছে এবং এক পর্যায়ে বিলুপ্তির পথেও। কবির স্মৃতি রক্ষার্থে নির্মিত এই ম্যুরাল দেখে কবির পৈত্রিক ভিটায় ঘুরতে আসা অনেক পর্যটকই বিস্ময় প্রকাশ করেছেন।

জানা গেছে, ২০১৬ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার মোড়ে উপজেলা পরিষদের অর্থায়নে সুকান্ত ভট্টাচার্যের ম্যুরাল নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিনের মধ্যে নয়ানাভিরাম এই ম্যুারাল কোটালীপাড়াবাসীসহ গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যাতায়াত করা যাত্রীদের নজর কাড়ে। ম্যুরালটি দেখলে মনে হবে, কবি সুকান্ত সিকিরবাজার মোড়ে বসে পথহারাকে পথ দেখাচ্ছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই ম্যুরাল অযত্ন অবহেলায় পড়ে নষ্ট হতে বসেছে। ম্যুরালের চারপাশে অবাঞ্ছিত গাছপালা জন্মে দিন দিন ম্যুরাল ঢেকে যাচ্ছে। এ অবস্থায় এটির রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার বলেন, সুকান্ত ভট্টাচার্য়ের স্মৃতি ধরে রাখতে অডিটরিয়াম কাম লাইব্রেরি ও এই ম্যুরাল ছাড়া তেমন কিছুই এ উপজেলায় নেই। ম্যুরাল নির্মাণের পরে আমরা খুব খুশি হয়েছিলাম। আজ ম্যুরালের এই অবস্থা দেখে আমরা ব্যথিত হচ্ছি।

কবি মিন্টু রায় বলেন, পৈত্রিক ভিটায় নানা কারণে কবি উপেক্ষিত। তাকে নিয়ে তেমন চর্চা হয় না। এমনকি এখানে তার জন্ম ও মৃত্যুবার্ষিকীও পালিত হয় না। বছরে একটি মেলা করেই দায়িত্ব এড়ানো হয়। আমি মনে করি, একটি মেলার মধ্য দিয়ে সুকান্ত ভট্টাচার্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব নয়। কবিকে প্রজন্মের কাছে তুলে ধরতে হলে তার নামে এখানে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গড়ে তুলতে হবে। সাথে সাথে তার পৈত্রিক ভিটায় নির্মিত অডিটরিয়াম ও ম্যুরাল চিত্র সংরক্ষণ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, দ্রুত সময়ে কবির ম্যুরাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া বর্তমান সরকারের পক্ষ থেকে কবির পৈত্রিক ভিটায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুকান্ত ভট্টাচার্য,ম্যুরাল,কোটালীপাড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়