এমপি মোজাম্মেলের জানাজা অনুষ্ঠিত

বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের জানাজা শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মোজাম্মেল হোসেনের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মোজাম্মেল হোসেনের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোজাম্মেল হোসেনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র নেতাদের নিয়ে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতার পক্ষ থেকে মোজাম্মেল হোসেনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মরহুমের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন হুইপ ইকবালুর রহিম। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন শরিক হন।
পিডিএসও/হেলাল









































