নিজস্ব প্রতিবেদক

  ২১ মার্চ, ২০২৪

রাস্তার আইডি নম্বর নির্দিষ্ট করার কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে অংশীজনদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: প্রতিদিনের সংবাদ

দেশের সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তার পরিচিতি নম্বর (আইডি নম্বর) নির্দিষ্ট করার কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী।

জানা গেছে, কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তার পরিচিতি নম্বর (আইডি নম্বর) বাধ্যতামূলক করছে সরকার। এ জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বহু আগেই উদ্যোগ নিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে। এ অবস্থায় সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তার আইডি নম্বর দানের লক্ষ্যে খসড়া নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। এই খসড়া নির্দেশিকা চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অংশীজনদের নিয়ে সভা হয়।

সভায় জানানো হয়, সুষ্ঠুভাবে নির্দেশিকা প্রস্তুতের কাজ সম্পাদিত হলে সিটি কর্পোরেশন ও পৌরসভার রাস্তাগুলো নিয়মতান্ত্রিকভাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। এতে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় মনে করছে, এটি বাস্তবায়ন হলে রাস্তার কাজের মান ও কোন রাস্তায় কত দিন পর সংস্কার প্রয়োজন হবে- এসব বিষয় তদারকি করা যাবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তার কোনো আইডি নম্বর না থাকায় কোথায় কত বরাদ্দ হচ্ছে, কতদিন আগে কাজ হয়েছে, বা কোন সংস্থার টাকায় কাজ হয়েছে- এর প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। ফলে রাস্তার কাজের বিষয়ে জবাবদিহির বিষয়টি অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যাচ্ছে না। একই রাস্তা একাধিকবার সংস্কার করাও হয়ে থাকে। পৌরসভা ও সিটি করপোরেশনের কাজগুলোর তদারকি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে পৌরসভা ও সিটি করপোরেশনের রাস্তার আইডি নম্বর দান একটি উদ্যোগ।

রাস্তায় আইডি নম্বর থাকলে কখন রাস্তাটি নির্মাণ করা হয়েছে, কখন সংস্কার করা হয়েছে, কখন বরাদ্দ দেওয়া হয়েছে ও কতদিন পর এটির আবার সংস্কার লাগবে- সহজেই বের করা যাবে। এতে রাস্তা সংস্কারে সরকারি অর্থের অপব্যবহার হবে না।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাস্তা,আইডি,বাস্তবায়ন,নির্দেশ,স্থানীয় সরকার,মন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়