টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎবার্ষিকী আজ

গাজীপুরের প্রয়াত সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎবার্ষিকী আজ।
দিবসটি উপলক্ষে সকালে হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোরআনখানি, কালোব্যাচ ধারণ, দোয়া মাহফিল ও ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সকালে প্রয়াত সাংসদের ছোটভাই মতিউর রহমান মতি এসব তথ্য জানান।
তিনি জানান, দিবসটি উপলক্ষে মঙ্গল ও বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের পক্ষ থেকে গাজীপুরের কর্মহীন ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বুধবার পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
তিনি আরও বলেন, আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে দুইবার (১৯৯৬ ও ২০০১ সালে) সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দুইবার স্থানীয় পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে বুধবার রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সকল আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
পিডিএসও/হেলাল









































