প্রতিদিনের সংবাদ ডেস্ক
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

খুলনা, ফেনী ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় নয়জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার সংঘটিত এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন এক পৌর প্রকৌশলী, দুই মোটরসাইকেল আরোহী এবং দুই যাত্রী। প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা ব্যুরো : খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে সাইদুর রহমান সাইদ (২৫) নিহত হন। আহত হন আরো ৭ থেকে ৮ জন যাত্রী। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
ফেনী : ফেনীর দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আশিক (২২) এবং সিএনজির এক যাত্রী রাসেল (২৭) নিহত হন। একই রাতে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে মো. আব্দুস সাত্তার নামে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভৈরব হাইওয়ে থানার এসআই রোকনুজ্জামান জানান, দুর্ঘটনাগুলোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পৃথক তিন জেলার এসব দুর্ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের বেপরোয়া যান চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবস্থাপনাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
"





































