ক্রীড়া ডেস্ক

  ০৯ জুন, ২০২৬

আফগানদের গুঁড়িয়ে ভারতের রেকর্ড-গড়া জয়

ভারতের রান পাহাড়ের সামনে পরপর দুই দফায় মুখ থুবড়ে পড়ল আফগানিস্তানের ব্যাটিং। তাদেরকে গুঁড়িয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিল শুবমান গিলের দল।

চান্ডিগড়ে একমাত্র টেস্টের তৃতীয় দিন গতকাল সোমবার ইনিংস ও ৩০০ রানে জিতেছে ভারত। ক্রিকেটের অভিজাত সংস্করণে এতদিন তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে, ২০১৮ সালে রাজকোটে ইনিংস ও ২৭২ রানে জিতেছিল তারা।

ভারতের মাটিতে এর চেয়ে বড় জয় আছে আর কেবল একটি। ১৯৫৮ সালে ইডেন গার্ডেন্সে ভারতকে ইনিংস ও ৩৩৬ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

আর এশিয়ান দলগুলোর মধ্যে টেস্টে এটি দ্বিতীয় সবচেয়ে বড় জয়। ২০০২ সালে লাহোরে নিউজিল্যান্ডকে ইনিংস ও ৩২৪ রানে হারিয়েছিল পাকিস্তান। আফগানদের প্রথম ইনিংসে ১৫২ রানে গুটিয়ে আবার ব্যাটিংয়ে পাঠায় ভারত। এবার আরো বাজে অবস্থা হয় সফরকারীদের। স্রেফ ১১২ রানে শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ৮ উইকেট ৫৬৪ রান করে একমাত্র ইনিংসটি ঘোষণা করে ভারত।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের জয়ের পথে বড় অবদান রাখেন মানাভ সুতার। টেস্ট অভিষেকে স্রেফ ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ৪৭ বছর পুরোনো একটি রেকর্ড ভেঙে দেন বাঁহাতি স্পিনার।

বাঁহাতিদের মধ্যে ভারতের হয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল দিলিপ দোশির। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় ইনিংসে আলো ছড়ান ওয়াশিংটন সুন্দার ও কুলদিপ ইয়াদাভ। অফ স্পিনে চারটি শিকার ধরেন ওয়াশিংটন। আর বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের প্রাপ্তি তিনটি। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানের হয়ে ফিফটি করতে পারেন কেবল রেহমাত শাহ। প্রথম ইনিংসে ৬০ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ১১৩ নিয়ে নতুন দিন শুরু করা আফগানিস্তানকে দেড়শ পেরুতেই থামিয়ে দেয় ভারত। রানের খাতা খোলার আগেই আজমাতউল্লাহ ওমারজাইয়ের স্টাম্প ভেঙে দেন প্রাসিধ কৃষ্ণা। নিজের দুই ওভারে তিন শিকার ধরেন সুতার।

জিয়াউর রহমানকে কট বিহাইন্ড করে প্রতিপক্ষের ইনিংসের ইতি টেনে দেন ওয়াশিংটন।

ফলো-অনে ব্যাটিংয়ে নামা আফগানরা ভালো শুরু করে। ধৈর্যশীল ব্যাটিং করা আব্দুল মালিককে ফিরিয়ে তাদের ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। এরপর বালুর বাঁধের মতো ভেঙে যায় দলটির ব্যাটিং।

আফগানদের হয়ে দ্বিতীয় ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পারেন তিনজন। একটি ছক্কা ও পাঁচটি চারে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার সেদিকউল্লাহ আতাল।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পাওয়া শারাফউদ্দিন আশরাফ দ্বিতীয় ইনিংসে আর খেলতে নামেননি। তাতে তৃতীয় সেশনের শুরুতেই শেষ হয়ে যায় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস : ৫৬৪/৮ ডিক্লে.

আফগানিস্তান ১ম ইনিংস : ৫৮.৪ ওভার ১৫২ (রেহমাত ৬০, ওমারজাই ০, আশরাফ ১১, খারোটে ৪*, সালিম ০, জিয়াউর ৬; সিরাজ ২৯/০, প্রাসিধ ৩৭/৩, সুথার ৩৩/৬, কুলদিপ ৩২/০, ওয়াশিংটন ২১/১)।

আফগানিস্তান ২য় ইনিংস : ৩৫.৫ ওভার ১১২ (সেদিকউল্লাহ ৪২, মালিক ৮, গুরবাজ ২৪, রেহমাত ১৩, হাশমাতউল্লাহ ৫, আফসার ৮, ওমারজাই ৪, খারোটে ৬, জিয়াউর ৯*, সালিম ০, আশরাফ আহত অনুপস্থিত; সুতার ২৯/১, প্রাসিধ ৬/০, কুলদিপ ৩০/৩, সিরাজ ১১/১, ওয়াশিংটন ৩৬/৪)।

ফল : ভারত ইনিংস ও ৩০০ রানে জয়ী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়