ক্রীড়া ডেস্ক
মেসির মতো ইয়ামালও ঈশ্বরের আশীর্বাদপুষ্ট

লামিন ইয়ামালকে অনেকেই বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার মনে করেন। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও বার্সা তারকাকে সময়ের সেরা প্রতিভা হিসেবে বর্ণনা করেছেন। তবে লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করতে রাজি নন তিনি। ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে স্পেনের কোচ বলেছেন, দুজনেই ঈশ্বরের আশীর্বাদপুষ্ট।
টিনএজ বয়সেই বার্সেলোনার মতো বড় দলের আক্রমণভাগ বয়ে চলেছেন ইয়ামাল। স্পেন দলেও সমান কার্যকর তিনি। এরই মধ্যে স্পেনকে ইউরো জিতিয়েছেন। তাকে মেসির মতো সহজাত প্রতিভা বলে মনে হয় দে লা ফুয়েন্তের। তার মতে, ইয়ামাল যে নৈপুণ্য দেখান, তা শুধু ফুটবলের সত্যিকার জিনিয়াসদের মধ্যেই দেখা যায়। প্রথমবারের মতো বিশ্বকাপ খেললেও কোচের বিশ্বাস, চাপে এলোমেলো হয়ে যাবে না ইয়ামাল, বরং বড় মঞ্চে আরো বেশি উজ্জীবিত থাকবে, ‘ইয়ামালের জন্মই হয়েছে এটার জন্য। সে সাহসী এক চরিত্র। সম্ভবত আমাকে বা আপনাকে চাপ হতবিহ্বল করে ফেলতে পারে। তবে এই ছেলেরা স্পেশাল। কতবার আমরা একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞেস করি; ‘সে কতটা ভালো। তার কী হয়েছে? সে কেন এটা করতে পারল না? কারণ ফুটবলে ভালো হতে হবে এবং আরো হাজারটা বিষয়ে।’ তিনি আরো যোগ করেন, ‘লামিনের বয়স মাত্র ১৬ ছিল (গত ইউরোর সময়)। এখন তার বয়স ১৮। তাকে গণমাধ্যমের নির্মম চাপ সহ্য করতে হয় এবং সে খুব কমই ভুল করে।’ তরুণ ফুটবলাররা ভুল করলেও কম সমালোচনা করা উচিত বলে মনে করেন তিনি, ‘এক মিনিট, একটা ভুল, ব্যস তখনই ওই ফুটবলারকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায়। ওরা ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পরিশ্রম করে।
"









































