ঘুমের সমস্যায় উচ্চ রক্তচাপ বাড়ে

নিয়মিত ঘুমের অভাবে বাড়ে উচ্চ রক্তচাপ। এতে মস্তিষ্কের রক্ত ক্ষরণে হতে পারে স্ট্রোক। হঠাৎ রক্তচাপ বাড়লে কী করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী।
সকালবেলা অফিস আছে। এদিকে রাত ৩টা ১৬ মিনিট। কোনোভাবেই ঘুম আসছে না বলে আপনার ভেতরে উদ্বেগ বাড়ছে। ঘুম না হওয়া আসলেই উদ্বেগের বিষয়। কারণ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে, অনিদ্রা, ঘুমের সমস্যা থেকে হতে পারে উচ্চ রক্তচাপ। এরপর মস্তিষ্কের রক্তক্ষরণে হতে পারে স্ট্রোক।
উচ্চ রক্তচাপের সঙ্গে ঘুমের সম্পর্ক
নিয়মিত ঘুমের ঘাটতির কারণে পূর্ণবয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। ভালো ঘুম হলে যে শুধু শরীরে শক্তি পাওয়া যায় তা-ই নয়, হৃদরোগ দূরে থাকে। যত কম ঘুমাবেন রক্তচাপ বাড়ার আশঙ্কা তত বেশি। পূর্ণবয়স্কদের প্রতি রাতে সাত-আট ঘণ্টা ঘুমানো উচিত। ছয় ঘণ্টা বা এর চেয়ে কম ঘুমালে রক্তচাপ ওপরের দিকে উঠতে থাকে। রক্তের চাপ বেশি থাকলে এবং একই সঙ্গে ঘুমের ঘাটতি থাকলে অবস্থা হয় আরো শোচনীয়। স্ট্রেস, জেট ল্যাগ, শিফট ওয়ার্ক এবং এর সঙ্গে ঘুমের সমস্যা থাকলে হৃদরোগের ঝুঁঁকি বাড়ে। এর সঙ্গে বাড়ে স্থূলতা ও ডায়াবেটিসের আশঙ্কা। ঘুম কম হলে রক্তচাপ কেন বাড়ে সে বিষয়টি গবেষকদের কাছে এখনো স্পষ্ট নয়।
ঘুম গভীর না হলেও সমস্যা
নতুন এক গবেষণায় দেখা গেছে, যাদের ঘুমের গভীরতা কম তাদের ৮০ শতাংশের উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আমেরিকান জার্নাল অব হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যাদের ঘুমের গুণগত মান কম তারা ‘স্লো ওয়েভ স্লিপ’ পর্যায়ে অনেকটা সময় কাটান। ‘স্লো ওয়েভ স্লিপ’-এর অর্থ ঘুমের মান ভালো নয় এবং এই সমস্যায় ভোগা মানুষের মধ্যে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁঁকি বেশি।
হঠাৎ রক্তচাপ বাড়লে
আজকাল রক্তচাপ বেড়ে যাওয়াকে খুব বেশি বড় সমস্যা হিসেবে দেখা হয় না। মাথা ঘুরলে বা ঘাড়ে ব্যথা হলে সহজেই প্রেসার মাপা যায়। কিন্তু স্ট্রেস, কিডনির অসুখ বা নোনা খাবার খাওয়ার কারণে উচ্চ রক্তচাপ বাড়লে সমস্যা বাড়তে পারে। এ সময় শান্ত থাকুন। ব্রিদিং এক্সারসাইজ করুন। ডাক্তারের প্রেসক্রাইব করা প্রেসারের ওষুধ খেয়ে নিন। সমস্যা বাড়তে থাকলে যেমন প্রেসার ১৮০/১২০, বুকে ব্যথা, তীব্র মাথাধরা, শ্বাসকষ্ট, দেখতে সমস্যা বা কথায় জড়তা থাকলে ডাক্তার দেখান। প্রয়োজনে অ্যাম্বুল্যান্স ডাকুন।
"









































