নিজস্ব প্রতিবেদক
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে কাজ করবে সরকার
এলজিআরডিমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সব ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। আমরা সব ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।
বৈঠকে সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তদের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় সীতাকুণ্ডের পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
"









































