বিনোদন প্রতিবেদক

  ১৭ ঘণ্টা আগে

কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যা ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই অভিনেতা। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন জাহের আলভী। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। দীর্ঘ শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত আদেশ দেন। জাহের আলভীর পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আবেদন জানান। জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ের কারণে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসাবশত তাকে হয়রানির উদ্দেশে মামলায় আসামি করা হয়েছে। আবেদনে আরো বলা হয়, মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি। এ ছাড়া আবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ঈদ উপলক্ষে একটি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়