কুমিল্লা প্রতিনিধি
জঙ্গি জাহিদের ড্রিম হাউজে তালা
সটকে পড়েছেন বাবা-মা

ঢাকার রূপনগর এলাকায় পুলিশের অভিযানে জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর নামে নিহত জঙ্গির আসল নাম জাহিদুল ইসলাম ওরফে জাহিদ। তার বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পশ্চিম চাঁনপুর গ্রামে। তাদের তিনতলা বাড়িটির নাম ‘ড্রিম হাউজ’। এলাকাবাসী জানতো ‘জঙ্গি মুরাদ’ কানাডা চলে গেছেন। বাবাও গত রোজার সময় স্থানীয় মসজিদে ঘোষণা করেছিলেন, ‘জাহিদ মেজরের চাকুরি ছেড়ে কানাডা চলে গেছে’। গতকাল রোববার জাহিদদের এলাকায় গিয়ে দেখা যায়, তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম ও মা জেবুন্নাহার ইসলাম বাড়িতে তালা লাগিয়ে সটকে পড়েছেন। সকাল থেকে তাদের বাড়িটি ঘিরে রেখেছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।
গণমাধ্যমে জঙ্গি জাহিদুল ইসলামের খবর প্রকাশ পাওয়ার পর গতকাল রোববার সকাল থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় ড্রিম হাউজ নামে তার বাবার মালিকানাধীন ভবনটিকে ঘিরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ও উৎসুক জনতার ভিড় দেখা যায়। বাড়িটির নিচতলায় এবং ৩ তলায় দুটি ভাড়াটিয়া পরিবার বসবাস করছেন। দ্বিতীয় তলায় অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম ও তার স্ত্রী জেবুন্নাহার ইসলাম বসবাস করেন। নুরুল ইসলামের পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। প্রায় ৩০ বছর আগে তিনি জমি কিনে এখানে এ বাড়িটি নির্মাণ করেন। তার ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে নিহত জঙ্গি জাহিদুল ইসলাম বড়। এলাকায় সে ‘মেজর জাহিদ’ হিসেবে পরিচিত। জাহিদ ২ সন্তানের জনক। জাহিদের অপর ভাই জহির ও বোন সানিয়া ঢাকায় থাকেন। বাড়িতে নুরুল ইসলাম ও তার স্ত্রী জেবুন্নাহার থাকতেন। গত শুক্রবার তারা অসুস্থতার কথা বলে ঘরে তালা লাগিয়ে ঢাকায় চলে যান।
ভাড়াটিয়ারা জানান, এ বাড়িতে জাহিদের বাবা-মা থাকেন। এলাকার ইউপি সদস্য মো. ইউনুস মিয়া সাংবাদিকদের জানান, ‘জাহিদকে চিনি না। তার বাবার সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। জঙ্গি কার্যক্রমে সে জড়িত ছিলো বলে আগে শুনিনি।’
কোতয়ালী মডেল থানার এসআই শাহীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাহিদের পরিবারের খোঁজ নেওয়া হয়। বাসায় ভাড়াটিয়া ছাড়া কেউ নেই। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্যে জাহিদ অবসরপ্রাপ্ত মেজর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাবা-মাকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন স্থানে জাহিদ ও তার পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
"







































