বিনোদন প্রতিবেদক
মৌসুমীর ‘চার অক্ষরে ভালোবাসি’

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আয়েশা মৌসুমী। তার কণ্ঠে জনপ্রিয় অনেক গান রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘মেকাপ সুন্দরী’, ‘দিল ড্যান্স মারে’, ‘চুলের কাটা’, ‘তাইরে নাইরে’, ‘সুইটহার্ট’। আয়েশা মৌসুমীর কণ্ঠে প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিল ‘মেকাপ সুন্দরী’। ‘আয়েশা মৌসুমী’ চ্যানেলে গানটি এক বছর আগে প্রকাশিত হয়। এখন পর্যন্ত গানটি ৮০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নিরু। একই গীতিকার সুরকারের অর্থাৎ মেহেদী হাসান লিমনের লেখা ও নিরুর সুরে নতুন গান প্রকাশিত হলো মৌসুমী ও নিরুর কণ্ঠে। ভালোবাসা দিবসের বিশেষ এই গানের নাম ‘চার অক্ষরে ভালোবাসি’। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। আয়েশা মৌসুমী বলেন, ‘গানটার কথা এবং সুর আমার কাছে ভালো লেগেছে। এই গানের মাধ্যমে আমি আমার মনের কথা বলতে পেরেছি। অর্থাৎ সময়টা এখন আর আগের মতো নেই ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসার কথা যে শুধু ছেলেরাই প্রকাশ করবে এমনটি নয়। মেয়েদেরও প্রকাশ করে ফেলতে হবে কাউকে ভালোলাগার কথা, ভালোবাসার কথা। মূলকথা আমার নতুন এই গানে তরুণ প্রজন্মের শ্রোতা দর্শকের জন্য মেসেজ আছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ আয়েশা মৌসুমীর প্রকাশিত প্রথম মৌলিক গান হচ্ছে ‘সাদা কালো’। গানটি লিখেছিলেন এ মিজান, সুর করেছিলেন জিতু। আয়েশা মৌসুমীর শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিতে গান শিখেছেন। গানে তার ওস্তাদ সুবীর চক্রবর্ত্তী। এখনো সময় সুযোগ পেলে তার কাছে গানে তালিম নেন তিনি। আয়েশা মৌসুমীর নতুন গান ‘চার অক্ষরে ভালোবাসি’ গতকাল দুপুরে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আয়েশা মৌসুমী’তে প্রকাশ পায়।
"









































