বিনোদন প্রতিবেদক
ডকুফিল্ম ‘দি আনওয়ান্টেড টুইন’

যমজ পরিচয়হীন দুটি শিশু ও তাদের বয়ঃসন্ধিকালের সচেতনতা নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য ডকুফিল্ম ‘দি আনওয়ান্টেড টুইন’। নানজীবা খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন দিপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, ড. এনামুল হক, শামস সুমন, সোহেল খান, নওশাবা আহমেদ, শান্তা রহমান, অ্যানি খান, শিরিন আলম, রাজু আলীম, সাইফ সাইফুলসহ আরো দেখা যাবে ৬ জেনারেশনের প্রতিনিধি আফসানা মিমি, দিলারা জামান, বন্যা মির্জা, চিত্রনায়িকা ববি হক, হোমায়রা হিমু ও আরজে ত্যাজকে।
এ বিষয়ে নির্মাতা জানান, যমজ পরিচয়হীন দুটি শিশু ও বয়ঃসন্ধিকালের সচেতনতার গল্প নিয়ে এটি তৈরি। ছবিটির শেষটা তথাকথিত ছবির মতো নয়। বরং পর্দায় বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ১ বছরের গবেষণা ও ৬ মাসের প্রিপ্রডাকশন শেষ করে পুরোদমে প্রস্তুতি নিয়ে এ কাজটি করেছি, তাই আশাও অনেক।
এদিকে জানা যায়, এ ডকুফিল্মটির শেষে বিষয়টি নিয়ে আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী দিপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ মোট ১১টি দেশের নাগরিকদের মতামত দেখা যাবে।
ফয়সাল আনোয়ারের প্রযোজনায় ডকুফিল্মটি নির্মিত হয়েছে টাইগার মিডিয়ার ব্যানারে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই এটি হলে ও টেলিভিশনের পর্দায় দেখা যাবে। এ ডকুমেন্টারির কন্টেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে রয়েছে ইউনিসেফ বাংলাদেশ।
"









































