নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার

প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস ডিজির

স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল রবিবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

দরবারে পরিচালকরা, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপ-পরিচালকরা, জেলা কর্মকর্তারা এবং ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

বেলা ১০টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

মহাপরিচালক সবাইকে স্বাগত জানিয়ে দরবার শুরু করেন। তিনি চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের নিয়োগ প্রক্রিয়ার ন্যায় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। নিয়োগসংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কোনো কাজে জড়িত না হন সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন।

একইসঙ্গে তিনি এ সংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশ বাহিনীর সব পর্যায়ের সদস্যদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব স্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে তা বজায় রাখার জন্য মহাপরিচালক সবার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়- আইনবহির্ভূত এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সবাইকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন।

বক্তব্য শেষে মহাপরিচালক সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দুপুর ১২টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়