খালেকুজ্জামান পান্নু, পাবনা
সাঁথিয়ায় নুরী খাতুনের শিকলবন্দি জীবন

প্রায় এক যুগ ধরে জানালা, দরজা, বিদ্যুৎহীন অন্ধকার ঘরে দুর্গন্ধযুক্ত পরিবেশে শিকলবন্দি হয়ে আছেন নুড়ি খাতুন। অনাহারে অর্ধাহারে কাটছে তার জীবন। আসলে তাকে দেখার কেউ নেই। অমানবিক এ ঘটনাটি ঘটে চলছে পাবনার সাঁথিয়া উপজেলার তেথুলিয়া মধ্যপাড়া গ্রামে। নুরী খাতুন ওই গ্রামের লবা প্রামাণিকের কন্যা। প্রতিবেশী ও আত্মীয়দের সূত্রে জানা যায় এই অভাগিনীর বয়স ৫৫ বছর।
প্রায় এক যুগ ধরে নিজ ঘরে বন্দিজীবন কাটাচ্ছেন তিনি। তার পরিবারের দাবি প্রায় ৪০ বছর ধরে মানসিক রোগাী, ডাক্তার, কবিরাজ এমনকি মানসিক হাসপাতালেও চিকিৎসা করানো হয়েছে কোনো পরিবর্তন না হওয়ায় প্রায় এক যুগ শিকলবন্দি করে ঘরে আটকিয়ে রখা হয়েছে।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা য়ায় নুরী খাতুনকে রাখা হয়েছে বাড়ির পেছনে নির্জন একটি ঘরে। সেই ঘরে কোনো জানালা, দরজা, বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা নেই। দিনেরবেলায়ও থাকে অন্ধকার। অবহেলা অনাহারে দিন কাটে তার। প্রকৃতির ডাক এলে ঘরের মেঝেতেই কাজ সারেন। দুর্গন্ধে ঘরে ঠোকা দায় এ যেন মানবিকতার চরম বিপর্যয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে অসহায়ত্বের বা অন্য কোনো অজুহাতে আড়াল করার চেষ্টা করা হলেও, এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ ভিন্ন।
স্থানীয়দের দাবি, নুরী খাতুনের প্রতি তার পরিবার দীর্ঘদিন ধরে অমানবিক ও নির্মম আচরণ করে আসছে। একজন অসুস্থ ও মানসিক প্রতিবন্ধী মানুষের প্রতি এমন নিষ্ঠুরতা এবং চিকিৎসার পরিবর্তে শিকলবন্দি করে রাখার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এ ব্যাপারে বলেন, ভিডিওটা আমি দেখেছি। বিষয়টা অমানবিক। প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
"







































