লালমনিরহাট প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ

লালমনিরহাটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে প্রাথমিকভাবে পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিশেষ নির্দেশনায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, মোগলহাট একটি ঐতিহাসিক বন্দর। একসময় এদিক দিয়ে মানুষের যাতায়াত ও ব্যাপক বাণিজ্য হতো। মন্ত্রী এটি পুনরায় চালু করার ইচ্ছা পোষণ করেছেন এবং সরকারও সে ব্যাপারে ইতিবাচক। আমি আজ প্রাথমিকভাবে এখানকার বর্তমান পরিস্থিতি ও লোকেশন দেখতে এসেছি।

তিনি আরো জানান, পরিদর্শনের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে এই বন্দরকে কার্যকর করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হবে এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে পরবর্তীতে আরো আলোচনা করা হবে। বন্দরটি পুনরায় চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়