প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ অক্টোবর, ২০১৯

মার্কিন অভিযানে আইএসের বাগদাদি ‘নিহত’

আইএস নেতা আবু বকর আল বাগদাদি

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদিকে লক্ষ্য করে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে অভিযানটির অনুমতি দিয়েছিলেন।

শনিবার মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে এরকম প্রতিবেদন পাওয়ার পর, অভিযানের বিষয়ে জ্ঞাত পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে অবহিত মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অতি গোপনীয় ওই অভিযানের লক্ষ্যস্থল ছিলেন বাগদাদি।

সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহীদের অধিকৃত শেষ প্রদেশ ইদলিবে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন তারা। সাম্প্রতিক বছরগুলোতে এই ইসলাপন্থি বিদ্রোহীদের সঙ্গে আইএসের সংঘর্ষ হয়েছিল। অভিযানের ফলাফল সম্পর্কে অবগত মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াইট হাউসকে জানিয়েছে, অভিযানে যে শীর্ষ-পর্যায়ের লক্ষ্য নিহত হয়েছে সে বাগদাদি এ বিষয়ে তাদের প্রবল বিশ্বাস আছে, কিন্তু ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার করে আরো যাচাই করার পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যাবে।

পেন্টাগনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী একটি কম্পাউন্ডে প্রবেশ করার পর সংক্ষিপ্ত বন্দুক লড়াই হয় আর এ সময় বাগদাদি আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে হত্যা করেন।

ওই কম্পাউন্ডে বাগদাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে পেন্টাগনের সূত্রগুলো জানিয়েছে। অভিযানে বাগদাদির কোনো সন্তান আঘাত না পেলেও তার দুই স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইএস,আবু বকর আল বাগদাদি,মার্কিন অভিযান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়