বাড়ি বানাতে ৯ শতাংশ সুদে প্রবাসীদের ঋণ দেবে রূপালী ব্যাংক

বাংলাদেশে বাড়ি বানাতে প্রবাসীদের সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে রূপালী ব্যাংক। মাত্র ৯ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হবে। নিউইয়র্কের স্থানীয় সময় গত শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে ‘বাংলাদেশে অর্থ প্রেরণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এ তথ্য প্রকাশ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে অ্যাপার্টমেন্ট কিনতে ও নিজ ভূমিতে অ্যাপার্টমেন্ট তৈরির জন্য এ ঋণ প্রকল্প চালু করা হয়েছে। আবেদনকারী প্রবাসীকে ৩০% ব্যয় করতে হবে, ব্যাংক ঋণ দেবে ৭০%। যুক্তরাষ্ট্র থেকে রূপালী ব্যাংকের রেমিটেন্স হাউজের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।
ঋণের আবেদনপত্রে নিজের পাসপোর্ট ও কর্মক্ষেত্রের প্রত্যায়নপত্র অথবা ট্যাক্স দেওয়ার কপি দিতে হবে। বাংলাদেশের একজন গ্যারান্টারও লাগবে। এ প্রক্রিয়া দ্রুত চালু করতে রূপালী ব্যাংকের সদর দপ্তরে ‘প্রবাসী হেলপ ডেস্ক’ চালু করা হচ্ছে বলেও জানান আতাউর রহমান।
তিনি আরও বলেন, স্বদেশে ছোট-বড়-মাঝারি শিল্প কারখানার জন্যও রূপালী ব্যাংক প্রবাসীদের ঋণ দিচ্ছে, ওই একই বিধিতে অর্থাৎ বাড়ির জন্য ৩০% বিনিয়োগের পর ৭০% ঋণ দিচ্ছে রূপালী ব্যাংক। ইতোমধ্যে অনেক প্রবাসী সে সুযোগ নিচ্ছেন।
পিডিএসও/তাজ









































