reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০১৯

ঢাকার চারদিকে হবে চক্রাকার রেললাইন

ঢাকার মানুষের যে চাপ সেটাকে কমানোর জন্য রাজধানীর চারদিকে চক্রাকার রেললাইন তৈরি করা অপরিহার্য। এটি নির্মিত হলে যানজট কমে যাবে। এ লক্ষ্যে চক্রাকার রেল সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সমীক্ষা পরিচালনার জন্য ৪ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার দুপুরে রেলভবনে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে চায়না রেলওয়ে সিয়ান সার্ভে ও ডেজিং গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান বিইটিএস কনসালটিং সার্ভিস লিমিটেড ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাডভাইজার্স লিমিটেড (ইএএল) বাংলাদেশ। চুক্তির মেয়াদ ধরা হয়েছে এক বছর।

চুক্তি অনুযায়ী ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে সমীক্ষার কাজ শেষ করতে হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা।

অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে বড় পরিকল্পনা করছে। রেল মানুষকে এখন স্বস্তির অবস্থায় নিয়ে যাচ্ছে। আর এই সার্কুলার রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শেষে যখন এটি নির্মাণ করা হলে ঢাকা শহরের যানজট কমে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলের মহাপরিচালক মো. কাজী রফিকুল আলম, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চক্রাকার রেললাইন,ঢাকা,রেলওয়ে,চক্রাকার রেল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়