ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০২৬

মেসিবিহীন আর্জেন্টিনার দাপুটে জয়

প্রথমার্ধে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেস। দ্বিতীয়ার্ধে তার দারুণ পাসেই ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমেওনে। অধিনায়ক লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেসসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই হন্ডুরাসের বিপক্ষে দাপুটে জয় পায় আর্জেন্টিনা।

টেক্সাসের কাইল ফিল্ডে বাংলাদেশ সময় রবিবার সকালে শুরু হওয়া ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচে রক্ষণ নিয়ে খুব একটা ভাবতে হয়নি তাদের।

একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। আগুস্তিন জিয়াইয়ের ক্রসে লাউতারো মার্টিনেসের শট ফেরান গোলরক্ষক এদ্রিক মেনহিভার।

৩৩তম মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি জিওভানি লো সেলসো। ক্রসবারে লেগে বল ফেরে মাঠে। ওই বল দখলের লড়াইয়ে নিকোলাস তাগলিফিকোকে ফাউল করেন ক্রিস্তোফার মেলেনদেস। পেনাল্টি পায় আর্জেন্টিনা।

৩৭তম মিনিটে সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেস। ঠিক দিকেই ঝাঁপ দেন মেনহিভার কিন্তু গতির সঙ্গে পেরে ওঠেননি তিনি। দেশের হয়ে ইন্টার মিলান স্ট্রাইকারের এটি ৩৭তম গোল। ৪৩তম মিনিটে লো সেলসোর শট ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন মেনহিভার। দুই মিনিট পর খুব কাছ থেকে সিমেওনের শটও ব্যর্থ করে দেন তিনি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি বক্সের ভেতর থেকে লিসান্দ্রো মার্তিনেসের দারুণ বাইসাইকেল কিক একটুর জন্য লক্ষে থাকেনি। বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান থিয়াগো আলমাদা। তবে বিপজ্জনক জায়গা থেকেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তরুণ ফরোয়ার্ড।

৫০তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন আলমাদা। ডি বক্সে অরক্ষিত ছিলেন তিনি। হাতে সময়ও ছিল প্রচুর। তবুও তাড়াহুড়ায় ঠিকঠাক শট নিতে পারেননি, অনেক দূর দিয়ে বেরিয়ে যায় বল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সিমেওনে। মার্টিনেসের দারুণ ব্যাকহিলে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অ্যাটলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল। ৬৩তম মিনিটে একসঙ্গে তিনটি বদল করেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। এর একটিতে লিসান্দ্রো মার্টিনেসের জায়গায় নামেন ক্রিস্তিয়ান রোমেরো। গত ১৩ এপ্রিল চোট পাওয়ার পর এই প্রথম মাঠে নামলেন টটেনহ্যাম হটস্পার অধিনায়ক। পরে দুই দলই আরো অনকেগুলো বদল করে। এতে অনেকটাই মন্থর হয়ে যায় খেলার গতি। কোনো দলই তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি এ সময়ে। আগামী বুধবার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়