বিনোদন প্রতিবেদক
একসঙ্গে ডলি মেমী ও মম

একুশে পদক’প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর, গুণী অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী মুনিরা বেগম মেমী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এবারই প্রথম একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকের নাম ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ এই ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। নাটকটি নির্মাণ করছেন গুণী নির্মাতা রাকেশ বসু।
তিনি জানান, আপাতত এই ধারাবাহিক নাটকটির শুটিংয়ের কাজ চলছে। শুটিং শেষে সম্পাদনার কাজ শেষ হলেই এনটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। নাটকটিতে মেমীর শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। তিনি বলেন, ‘চাওয়া পাওয়া ধারাবাহিক নাটকটির গল্পটা সুন্দর। রাকেশ বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। প্রতিটি দৃশ্যই বেশ যত্ন নিয়ে নির্মাণ করছে। আর এখনতো আসলে ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ কমই হয়। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সব সময়ই খুব ভালো। তার প্রতিটি নাটকেই একটি ম্যাসেজ থাকে। চাওয়া পাওয়া-পারিবারিক গল্পের নাটক। সবাই মিলে বেশ আনন্দ নিয়ে কাজটি করছি আমরা। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’
মুনিরা বেগম মেমী বলেন, ‘চাওয়া পাওয়া আমাদের জীবনেরই গল্পের নাটক। ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরো অনেকেই আছেন এই ধারাবাহিকে। যে কারণে কাজটি করতেও বেশ ভালোলাগছে। আর রাকেশ বসু সত্যিই ভীষণ পরিপাটি পরিচ্ছন্ন এবং মেধাবী একজন পরিচালক। যে কারণে তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলাগছে। রাকেশ টু দ্য পয়েন্ট-এ কাজ করে। আমি তার কাজে মুগ্ধ।’
এদিকে ডলি জহুর কিছুদিন আগে ‘লুকস’ ব্র্যাণ্ডের উদ্বোধনীতে রংপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই তিনি টানা কাজ করছেন। আগে যেখানে তিনি সিনেমাতে কাজ করা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করেছেন, এখন টিভি নাটকেই বেশি কাজ করছেন। মুনিরা বেগম মেমী আগের মতো অনেক বেশি কাজ না করলেও ভালোলাগার গল্পতেই তিনি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
"









































