কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৯

শ্রীঘরে বাবা ও ক্রেতা

জুয়ার টাকার জন্য ৭০ হাজার টাকায় নবজাতক বিক্রি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪ দিনের নবজাতক মেয়ে শিশু রাধিয়াকে ৭০ হাজার টাকায় বিক্রির অভিযোগে বাবা ফারুক ভূঁইয়া ও ক্রেতা জাকিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গ্রেফতারদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে যে, জুয়া খেলার টাকার জন্য সন্তানকে বিক্রি করেছে সে। ঘটনাটি ঘটেছে গত সোমবার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী গ্রামে।

জানা যায়, স্বামী ফারুক ভূঁইয়ার সঙ্গে মনোমালিন্যের কারণে গর্ভবতী রিনা খাতুন (৩৫) স্বামীর বাড়ি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বালিরাগ্রাম থেকে মসূয়া ইউনিয়নের রামদী গ্রামের বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার ১৪ দিন আগে রিনা খাতুন একটি মেয়ে সন্তান জন্ম দেন। গত সোমবার নবজাতককে ডাক্তার দেখানোর জন্য রিনা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার প্রস্তুতি নিতে দেখে ফারুক ভূঁইয়া কৌশলে স্ত্রীকে ছাড়াই নবজাতককে ডাক্তারের কাছে নিয়ে আসার কথা বলে বেলা ১১টায় বাড়ি থেকে বের হয়ে আসে।

দুপুর সাড়ে ১২টার সময় সে স্ত্রী রিনা খাতুনের ভাই শফিককে মোবাইল ফোনে জানান, রাধিয়াকে এক মহিলার কোলে রেখে প্রস্রাব করতে গেলে মহিলা রাধিয়াকে নিয়ে পালিয়ে গেছে। ভাই শফিকের কাছে থেকে এই সংবাদ শুনে রিনা খাতুন তার মা ও ভাইকে নিয়ে হাসপাতালে গিয়ে খোঁজাখুঁজি করেন। না পেয়ে রাধিয়ার বাবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামীর বাড়ি বালিরা গ্রামেও খোঁজাখুঁজি করে। কিন্তু নবজাতক শিশু মেয়ে ও তার বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে অবশেষে কটিয়াদী থানায় এসে পুলিশের সহযোগিতা চান।

পুলিশ অভিযান চালিয়ে নবজাতকের বাবা ফারুক ভূঁইয়াকে আটক করেন। তার দেওয়া তথ্যানুযায়ী মসূয়া ইউনিয়নের বেতাল গ্রাম থেকে নবজাতক রাধিয়াকে উদ্ধার ও সুমনের স্ত্রী জাকিয়াকে গ্রেফতার করেন।

জাকিয়া আক্তার জানান, তার নিঃসন্তান বোনের জন্য ৭০ হাজার টাকায় তিনি ফারুক ভূঁইয়ার নিকট থেকে রাধিয়াকে কিনে ছিলেন। কটিয়াদী মডেল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, নবজাতক রাধিয়ার মা রিনা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ফারুক ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী বেতাল গ্রামের জাকিয়া আক্তারের নিকট থেকে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার ফারুক ভূঁইয়া ও জাকিয়া আক্তারকে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞবিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জুয়া,নবজাতক বিক্রি,কিশোরগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়