সিলেট প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটি ৫ যুবক নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন। দেশটির সানাইয়া এলাকায় গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টায় দেশের স্বজনরা ওই খবর জানতে পেরেছেন। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের বাসিন্দা।

ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফ নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানিয়েছেন। তার দেওয়া তথ্যানুযায়ী, কাতারে নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

নিহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, ওই পাঁচজন একটি পিকআপভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহত ব্যক্তিদের লাশ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের বরাত দিয়ে ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, নিহতদের চারজন তার এলাকার। অপরজন পাশের ইউনিয়নের। তিনি বলেন, শনিবার সকালে প্রবাসীরা একটি পিকআপভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, আরেকজন ভারতীয় নাগরিক।

এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত পাঁচ প্রবাসীর লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল ওই পাঁচজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচজন নিহত হয়েছেন, এ তথ্য পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।’

প্রতিমন্ত্রী নুরুল হকের শোক প্রকাশ : কাতারে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এ রেমিট্যান্সযোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

নুরুল হক আরো বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত পাঁচ বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা প্রদান করেছে। এ সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়