নিজস্ব প্রতিবেদক

  ২২ আগস্ট, ২০২১

যুবদল ঢাকা মহানগর উত্তরে মিল্টন ও দক্ষিণে শাহিন আহ্বায়ক

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উত্তরে যুবদলের আহ্বায়ক হয়েছেন শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। অন্যদিকে দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে গোলাম মাওলা শাহিনকে এবং সদস্য সচিব হয়েছেন এনামুল হক এনাম।

শনিবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন নেওয়ার নির্দেশ দিয়েছেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ।

২০১৭ সালের ১৭ জানুয়ারি যুবদল ঢাকা মহানগর উত্তরে এস এম জাহাঙ্গীর হোসেন ও শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম মজনু ও গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। এক মাসের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হলেও তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি।

এর মধ্যে দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব করা হয়েছে। আর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি পদে থাকায় তাকে মহানগর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২ আগস্ট বিএনপির মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত এবং নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহানগর দক্ষিণে ৪৯ সদস্যের কমিটিতে আবদুস সালাম আহ্বায়ক এবং রফিকুল আলম মজনু সদস্য সচিব হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ১ নম্বর সদস্য করা হয়।

অন্যদিকে মহানগর উত্তরে ৪৭ সদস্যের কমিটিতে আমানুল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে করা হয়েছে ১ নম্বর সদস্য।

দুই মহানগর কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিডিএসও/সোহেব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয়তাবাদী যুবদল,যুবদল ঢাকা মহানগর উত্তর,যুবদল ঢাকা মহানগর দক্ষিণ,যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত,যুবদলের নতুন আহ্বায়ক কমিটি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়