গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মিছিল থেকে পুলিশকে হুমকি, ভিডিও ভাইরাল

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে। ওই মিছিলের ভিডিওতে বলতে শোনা যায়, ‘একটাও সামনে আবি না, মাইরা লামু’। হুমকি দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। রোববার (২১ জুন) সকালে গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকা থেকে ছয়দানা মালেকেরবাড়ি পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মহানগর যুবলীগের ব্যানারে রোববার সকালে একটি বিক্ষোভ মিছিল কলম্বিয়া এলাকা থেকে বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মালেকেরবাড়ির দিকে অগ্রসর হতে থাকে। পথিমধ্যে এক পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে যেতে থাকলে মিছিল থেকে ওই পুলিশকে লক্ষ্য করে একধিকবার বলা হয় ‘একটাও সামনে আবি না, মাইরা লামু’। পরে আর ওই পুলিশকে মিছিলের দিকে আগায়নি।
এ বিষয়ে গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানা সীমানায় প্রবেশ করে। সেখানে গাছা থানার একজন এসআইসহ আরো দুইজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, সকাল ৬টার দিকে মিছিলটি বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে শুরু হলেও পুলিশকে হুমকি দেওয়া হয় গাছা থানা সীমানা এলাকায়। সেখানে গাছা থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। কারা এ মিছিলে অংশ নিয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































