reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২০

আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে

আজ রোববার টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন। বেলা ১১টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন, মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাস সড়কে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

আনোয়ার হোসেন বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে এবং মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে ঘরে ফিরে যাওয়ার জন্য এই অংশে যানবাহন বন্ধ রাখার কোনো বিকল্প নেই। আখেরি মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মুসল্লিরা বের হয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সব আন্তনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।

গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ১৭ থেকে ১৯ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আখেরি মোনাজাত,বিশ্ব ইজতেমা,যান চলাচল,রাস্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়