তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২১ জুন, ২০২৬

চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ বানানোর প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটজিপিটির নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। নতুন এই সংস্করণে কোডিং টুল, এআই এজেন্টসহ বিভিন্ন সেবা যুক্ত করে প্ল্যাটফর্মটিকে একটি ‘সুপার অ্যাপ’-এ রূপ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের বরাতে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ বলছে, ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করা এবং সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) আগে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিচ্ছে ওপেনএআই।

প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটিকে বিভিন্ন অর্থপ্রদানভিত্তিক পণ্য ও সেবার প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে তাদের এআই চালিত কোডিং টুল ‘কোডেক্স’। ওপেনএআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘চ্যাটের যুগ শেষ হয়ে যাচ্ছে।’

ওপেনএআইয়ের মূল পণ্য ও প্ল্যাটফর্ম বিভাগের প্রধান থিবো কটিয়াক্স বলেন, প্রতিষ্ঠানটি এমন একটি পণ্য তৈরির দিকে এগোচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত এজেন্ট হিসেবে কাজ করবে এবং ব্যক্তিগত ও পেশাগত উভয় ধরনের কাজে সহায়তা করবে। চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার খবর গত বছর থেকেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল। এর আগে মার্চ মাসে দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানায়, ওপেনএআইয়ের এই কৌশল প্রতিষ্ঠানটির জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৫ সালে একাধিক স্বতন্ত্র পণ্য উন্মোচনের পর ওপেনএআই এখন অভ্যন্তরীণভাবে ‘সাইড কোয়েস্ট’ হিসেবে পরিচিত কিছু প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে ভিডিও তৈরির এআই টুল সরা-এর মতো প্রকল্পও রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়