সংসদ প্রতিবেদক
চাকরিজীবী স্বামী-স্ত্রীকে পাশাপাশি কর্মস্থলের সুপারিশ

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা স্বামী এবং স্ত্রী উভয়ই চাকরি করলে তাদের পাশাপাশি কর্মস্থলে বদলির সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে এসব ইস্যুতে সরকারি চাকরিজীবীদের প্রতি বিশেষ সুনজর রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে কমিটি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশে অনাকাক্সিক্ষত কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি সংসদ সদস্য ভবনের পাশে গাড়ি চলাচলের সময় হর্ন না বাজানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন। বৈঠকের শুরুতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করা হয়।
সরকারি চাকরিজীবীদের বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে সংসদীয় কমিটি স্বামী-স্ত্রী সরকারি চাকরিতে কর্মরত থাকলে তাদের পাশাপাশি কর্মস্থলে পদায়নে বিশেষ লক্ষ্য রাখার সুপারিশ করেছে। বৈঠকে বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক কার্যক্রম এবং দেশের সমসাময়িক পরিস্থিতির ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থার গৃহীত সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সচিব সুরক্ষা সেবা বিভাগ, মহাপুলিশ পরিদর্শকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









































