মধ্যপ্রাচ্যের আকাশে বিমান চলাচল বন্ধ করলো যুক্তরাষ্ট্র

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় সব ধরনের বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএএনের।
এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ বিষয়ে মার্কিন বিমান সংস্থা এবং বিদেশি বেসামরিক বিমান চলাচল সংস্থাগুলোকে তথ্য জানানো হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছি আমরা। তিনি বলেন, হামলার শিকার একটি ঘাঁটি হলো আইন আল-আসাদ আরেকটি ইরাকের এরবিলে অবস্থিত।
ইরানি জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার ভোরে ইরাকের মার্কিন দুই সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের ওই দুই সেনাঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে।
পিডিএসও/তাজ









































