কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী
পাটখেতে শিয়ালে খাচ্ছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর এলাকার হালুয়াপাড়া মহল্লা থেকে স্মৃতি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সকালে নিহতের বাবার বাড়ি থেকে ৩০০ গজ দূরে পাটখেতের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্মৃতি আক্তার কটিয়াদী পৌর এলাকার ৮নং ওয়ার্ড হালুয়াপাড়া মহল্লার মানিক মিয়ার মেয়ে এবং কাতার প্রবাসী পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বেলদী গ্রামের বিল্লাল ভূঁইয়ার ছেলে আমিন ভূইয়ার স্ত্রী। কটিয়াদী মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল সুজন চন্দ্র সরকার, ডিবি কিশোরগঞ্জ, র্যাব কিশোরগঞ্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে ঘাতক দল স্মৃতিকে ঘর থেকে ডেকে বাড়ির পেছনে নিয়ে যায়। একপর্যায়ে তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক পাটখেতের ভেতর দিয়ে অন্তত ৩০০ গজ দূরে নিয়ে অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায় বলে এলাকাবাসীর ধারণা।
- তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি পরিবারের
- মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি
স্মৃতির চাচা সোহরাব উদ্দিন জানান, সকালে তিনি তার জমিতে গিয়ে দেখেন সেখানে শিয়ালে মরদেহ খাচ্ছে। পরে মরদেহের গায়ের কাপড় দেখে তার ভাইয়ের মেয়ে স্মৃতির মতো মনে হয় তার। পরে তিনি দৌড়ে বাড়ি গিয়ে দেখেন স্মৃতির কক্ষের দরজা খোলা এবং ঘরে তাকে না পেয়ে বাড়ির লোকজন আবার ঘটনাস্থলে গিয়ে স্মৃতির মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মানিক মিয়া বলেন, বিয়ের আগে থেকেই বাগরাইট গ্রামের মেহেদী তার মেয়েকে উত্যক্ত করত। বিয়ের পরেও মেহেদী নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার সঙ্গে মেহেদী, মজিবুরসহ তার সঙ্গীরা জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন তিনি।
স্মৃতির বাবার অভিযোগের প্রেক্ষিতে মেহেদী ও তার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের এলাকায় পাওয়া যায়নি।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, হত্যার কারণ অনুসন্ধান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
পিডিএস/আরডি









































