শামীম হোসেন সামন, নবাবগঞ্জ (ঢাকা)

  ১১ জুলাই, ২০২৪

হরিসভা মন্দির-গোবিন্দপুর মাঠ

নবাবগঞ্জে বৃষ্টিতে সড়কে ধস, বিভিন্ন স্থানে পানি

ঢাকার নবাবগঞ্জের গোবিন্দপুর হরিসভা মন্দির-ইযুথ ক্লাব মাঠ সড়কের ধস। ছবিটি বৃহস্পতিবার মন্দির এলাকা থেকে তোলা। ছবি: প্রতিদিনের সংবাদ

ঢাকার নবাবগঞ্জের ছোট গোবিন্দপুর হরিসভা মন্দির থেকে গোবিন্দপুর ইয়ুথ ক্লাব মাঠ পর্যন্ত পাকা সড়কের দৈর্ঘ্য মাত্র দুই কিলোমিটার। সাম্প্রতিক বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে ধস দেখা দিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে।

সম্প্রতি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর হরিসভা মন্দির এলাকা সব চেয়ে বড় অংশ ধসে গেছে। এতে পাথচারীদের সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিতে আছেন সড়কে চলাচল করা যানচালকেরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৫ দিন যাবত সড়কটি ভেঙে রয়েছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যকে জানানো পরেও, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, হরিসভা মন্দিরÑগোবিন্দপুর মাঠ সড়কের বিভিন্ন স্থানে ভেঙে দেবে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত। একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটু সমান পানি জমে। ওইসব স্থানে পানি প্রবাহিত না হওয়ার নালা না থাকায় সড়কের ভেঙে গেছে। ফলে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।

হরিসভা মন্দির এলাকার মুদি দোকানী মো. ইউসুফ বলেন, সড়কটি ১৫ দিন যাবত ভেঙে পড়ে আছে। বিষয়টি (ইউপি) চেয়ারম্যান-মেম্বারদের জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না। ভাঙার কারণে গাড়ি নিয়ে ডেলিভারি ম্যান এখন আর দোকানে মালামাল দিতে আসে না। বাধ্য হয়ে অন্যখান থেকে বেশি খরচ দিয়ে মালামাল কিনে এনে বিক্রি করি।

গোাবিন্দপুর এলাকার এক গৃহবধূ রিফা বলেন, ‘বাড়ির সামনের সড়ক ধসে এখন আমাদের বাড়ি ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে, কিন্তু কেউ কোনো খোঁজ খবরই নেয় না। উল্টো আমরা ইউপি চেয়ারম্যান-মেম্বারকে জানালেও তারা কর্ণপাত করছেন না।’

অটোরিকশাচালক শেখ লিটন বলেন, ‘চুরি-ডাকাতির ভয়ে রাতে আমার অটোগাড়ি বাসায় রাখতে হয়। সড়কটি ভেঙে যাওয়ায় কিছুদন ধরে চরম বিপাকে পড়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক যন্ত্রাইল ইউপির সাবেক এক চেয়ারম্যন বলেন, ‘একটা পরিষদের বিভিন্ন ফান্ড থাকে, চেয়ারম্যান চাইলে সেই টাকা থেকে যে কোনো রাস্তাঘাট মেরামত করতে পারেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান কেন কাজটা করছেন না, সেটা তিনি ভালো বলতে পারবেন।’

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য (মহিলা মেম্বার) গীতা রানি বলেন, ‘স্থানীয়রা জানানোর পর আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখেছি সড়কটি ভেঙে পড়ে আছে। বিষয়টি যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিনকে জানিয়েছি। তিনি শুধু শুনেছেন, কোনো পদক্ষেপ নেননি। আমি একজন সাধারণ মেম্বার হয়ে কিছুই করতে পারবো না।’

যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান কে. এম মনিরুজ্জামান তুহিন বলেন, ‘বৃষ্টির কারণে হরিসভা মন্দির এলাকায় সড়কের অনেকটাই ক্ষতি হয়েছে। আরো কয়েকটি স্থানে সড়ক নষ্ট হয়েছে। বিষয়গুলো নিয়ে উপজেরার এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে।’

জানতে চাইলে নবাবগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী বলেন, ‘ক্ষতিগ্রস্থ সড়কটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা,নবাবগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়