নরসিংদী প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২৪

শিবপুরে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা প্রতিপক্ষের

হত্যার শিকার মারুফের স্বজনদের আহাজারি। ছবি: প্রতিদিনের সংবাদ

নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতা যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোরগ্যাংয়ের সদস্যরা। এ সময় তাকে বাঁচাতে এলে তার বোনও আক্রান্ত হন। এ সময় তার কাছ থেকে বাবার পেনশনের চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রবিবার (৭ জুলাই) দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মারুফ (২৭) উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনিও দুমাস আগে একজনকে কুপিয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। বয়স বেশি হলেও মারুফ কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন।

মারুফের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন তিনি। এ সময় সৈকতের নেতৃত্বে একটি কিশোরগ্যাং সংদস্য শিবপুরের সদর রোডের একটি বাড়িতে তাকে আটকে রাখে। মারুফকে বাঁচাতে পার্শ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। বৃষ্টি ব্যাংক থেকে তার বাবার পেনশনের ৪ লাখ টাকা তুলে ফিরছিলেন। হামলাকারীরা টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই মারুফকে কুপিয়ে গুরুতর যখম করে। পরে মারুফকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, মারুফ দুমাস আগে একজনকে কুপিয়েছেন। বয়স বেশি হলেও তিনি কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন। আজ (রবিবার) বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে।

ওসি ফরিদ উদ্দিন বলেন, ‘মারুফের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক কি না, তা জানা যায়নি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,শিবপুর,কুপিয়ে হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়