মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে নিখোঁজের একদিন পর ১৯ মাস বয়সী শিশু আয়েশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পুকুর থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি মনোহরদী পৌর এলাকার হাররদিয়া পূর্বপাড়া গ্রামের আসাদ সরকারের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আয়েশাকে বাড়িতে রেখে মনোহরদী বাসস্ট্যান্ডে বড় মেয়ের মাদরাসায় আসেন তার মা। সেখান থেকে বাড়ি ফিরে আয়েশাকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। এমনকি মাইকিং করেও আয়েশার সন্ধান পেতে ব্যর্থ হয় শিশুর পরিবারের লোকজন।
শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় কামরুল ইসলাম নামে এক ব্যক্তি গরু চরাতে মাঠে যান। এ সময় পুকুরে কচুরিপানার ভেতরে শিশুর মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে লোকজন গিয়ে আয়েশার মরদেহ শনাক্ত করে থানা পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় বাবা-মায়ের কোনো অভিযোগ নেই। তাদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিডিএস/আরডি









































