কটিয়াদীতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রোহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে বানিয়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোহান তার খালার বাড়ি আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামে বেড়াতে এসেছিলো। পরিবারের সদস্যদের অগোচরে এক পর্যায়ে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করলে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
পিডিএস/এমএইউ









































