কলমাকান্দা প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০২০

কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

২৬ জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনী কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে এই সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে এই দিনে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন- নেত্রকোনার ডা. আবদুল আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন।

সম্মুখযুদ্ধ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের মরদেহ ভারতের মেঘালয় ঘেষা লেংগুরার ফুলবাড়ী সীমান্তে গনেশ্বরী নদীর পাড়ে ১১৭২নং পিলার সংলগ্ন স্থানে সমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সেই স্মৃতি ধরে রাখতে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে প্রতি বছর মত এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে প্রশাসন।

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, জেলা ও উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকগণ পৃথকভাবে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন পূর্বক পুলিশের ও মুক্তিযোদ্ধাদের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এবং শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলমাকান্দা,ঐতিহাসিক,নাজিরপুর যুদ্ধ দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়