তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

মাদক বিক্রির ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে প্রকাশ্যে মাদক বিক্রির ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর ছাগল বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বাবুল নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীদের প্রভাবের কারণে অনেকেই প্রতিবাদ করার সাহস পান না।

গত রবিবার রাতে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আহনাফ তিহামী এবং দৈনিক খবরপত্রের দাউদকান্দি উপজেলা প্রতিনিধি ও কুমিল্লা মিডিয়া ২৪-এর অ্যাডমিন রাজিব হোসেন জয় সরেজমিনে তথ্য সংগ্রহে যান। এ সময় তারা দেখতে পান, এক ব্যক্তি একটি সাদা রঙের ছোট কৌটা থেকে ইয়াবা ট্যাবলেট বের করে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। ঘটনাটির ভিডিও ধারণের সময় অভিযুক্তদের সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীদের হাতে থাকা ধারালো সুইচ গিয়ারের আঘাতে রাজিব হোসেন জয়ের ডান হাত কেটে যায়। একইসঙ্গে আহনাফ তিহামীর ওপরও হামলা করা হয়। খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে। কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আহনাফ তিহামী বলেন, সাংবাদিকদের কাজ হলো সমাজের অসঙ্গতি ও অপরাধের চিত্র তুলে ধরা। মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

আহত সাংবাদিক রাজিব হোসেন জয় বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে, যা সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ছাগল বাজার এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চলছে। আমরা জড়িতদের গ্রেপ্তার এবং মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানাই। এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। কেউ মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত হামলাকারী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়