reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সারা দেশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির আভাস, কমবে গরম

সারা দেশের ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় রয়েছে বজ্রসহ বৃষ্টি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা। এতে ধীরে ধীরে হ্রাস পেতে পারে ভ্যাপসা গরমের তীব্রতা। সোমবার রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া আবহাওয়ার পূর্ভাবাসে জানানো হয়েছে এ তথ্য।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক থেকে শুরু করে মূলত মেঘলা থাকতে পারে। বিশেষ করে রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মেঘের আধিক্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে মেঘের ফাঁকে ফাঁকে দেশের কিছু কিছু এলাকায় দিনে কিছুটা রোদের দেখাও মিলবে। স্থানভেদে দিনে ৫ থেকে ৮ ঘণ্টা স্বাভাবিক সূর্যকিরণ পাওয়া যেতে পারে।

এদিন দেশের সব বিভাগেই ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

এছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। বর্তমানে একটি অঘোষিত বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে। বৃষ্টিযুক্ত স্থানে কিছুটা দমকা হাওয়া থাকতে পারে, তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় আকাশে মেঘ দেখলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টির কারণে চলমান তাপপ্রবাহের সম্ভাবনা কম এবং ভ্যাপসা গরম ধীরে ধীরে কমে আসতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলা স্বাভাবিক ভ্যাপসা গরম আবহাওয়া বজায় থাকবে। আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আজকের দিনের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ৩৪ মিনিট। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগর বর্তমানে সামান্য উত্তাল রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়